
ইসমাইল ভাওয়ারী, নরসিংদী।
বাংলাদেশ খেলাফত আন্দোলন–এর আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় উলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তিনি বলেন, “খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা শুধুমাত্র রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মুসলমানদের গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্বের অংশ।”
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় নরসিংদীতে অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখা।
জেলা আমীর মুফতি মোশাররফ হোসেন রায়পুরী–এর সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাঈল ভাঁওয়ারী–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, স্বাধীনতার পর ১৯৮১ সালে হাফেজ্জী হুজুর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে উলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি স্মরণ করেন, ইসলামী শাসনব্যবস্থার পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে হাফেজ্জী হুজুর বটগাছ প্রতীক নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, “উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে আজ বাংলাদেশে কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা অনেক দূর এগিয়ে যেত। ইসলামী দলগুলোর পারস্পরিক বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।”
সম্মেলনে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা জালালুদ্দিন সরকার, মোঃ আব্দুল্লাহ টিটু, মোঃ মিজানুর রহমান মৃধা, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আবুহানিফ, মোঃ মাহবুবুর রহমান সাকিল এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ।
কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, “তওবার রাজনীতির প্রবর্তক হাফেজ্জী হুজুর রহ. ছিলেন যুগের একজন মুজাদ্দিদ। তিনি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে কোরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন।”
তিনি আরও বলেন, “১৯৮১ সালে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ডাক দিয়ে তিনি গণমানুষের মধ্যে ইসলামী জাগরণ সৃষ্টি করেছিলেন। হাফেজ্জী হুজুর রাজনৈতিক অঙ্গনে না এলে ইসলামবিদ্বেষী শক্তি রাজনীতির ময়দান আরও বেশি দখল করে নিত।”
যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, “হযরত হাফেজ্জী হুজুর রহ. ছিলেন একজন খাঁটি আল্লাহর ওলী। তাঁর প্রতিষ্ঠিত আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমরা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কাজ চালিয়ে যেতে চাই।”
এদিকে প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী বলেন, “দলের মজলিসে শূরা ও কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত আন্দোলন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বরেণ্য আলেমগণ এ আন্দোলনকে সমর্থন করেন।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এখলাস ও সাংগঠনিক শৃঙ্খলার সাথে কাজ করলে আল্লাহ তাআলা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন।”
সম্মেলনে বক্তারা ইসলামী ঐক্য জোরদার, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং কোরআন-সুন্নাহভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :