Facebook Twitter Instagram YouTube

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ভূমিকম্প, কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ /
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ভূমিকম্প, কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল

নিউজ ডেক্স:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে হালকা এই কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৬। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কম্পনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা পরিমাপ করা হয় প্রায় ১০ কিলোমিটার।

 

সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্পের প্রবণতা বেড়ে গেছে। এর আগে গত ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও নরসিংদীসহ আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকালে সংঘটিত সেই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, যার উৎস ছিল নরসিংদীর মাধবদী। শক্তিশালী ওই কম্পনে দেশব্যাপী অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং বহু মানুষ আহত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, একই অঞ্চলে ধারাবাহিক কম্পন ভূ-অভ্যন্তরে টেকটনিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। তবে বৃহস্পতিবারের ভূমিকম্পটি স্বল্পমাত্রার হওয়ায় বড় ধরনের ঝুঁকি দেখা যায়নি। তবুও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।

 

নতুন এ কম্পনের পর রাজধানী ও নরসিংদী অঞ্চলের মানুষদের মাঝে আবারও স্বাভাবিক উদ্বেগ ফিরে এসেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো আপডেট দ্রুত জনসাধারণকে জানানো হবে বলে জানিয়েছে।