Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্প: আহত ৭০, ঢাকায় মৃত্যুর খবরও


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ২:১০ অপরাহ্ণ /
নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্প:  আহত ৭০, ঢাকায় মৃত্যুর খবরও

স্টাফ রিপোর্টার:

নরসিংদী ও আশপাশের জেলায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নরসিংদীতে অন্তত ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এছাড়া ঢাকায় মারা গেছেন আরও তিনজন। ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে ঘরবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন লাখো মানুষ।

 

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭, যা মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর সঠিক উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

এরকম মাত্রার ভূমিকম্প ভবন ও স্থাপনায় আংশিক ক্ষতির ঝুঁকি তৈরি করে থাকে। নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে ভবন দুলে ওঠা, দেয়ালে ফাটল ও সম্পদের ক্ষতির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে জানা যায়, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। অনেকেই ভয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন।

এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

করা হচ্ছে।