
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে দিনের আলোতে ঘটে গেল চাঞ্চল্যকর এক দুঃসাহসিক হামলা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আদালত ভবনের সি.ডি. রুমের সামনে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা লক্ষ্যবস্তু ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ব্যক্তি সামনে আসার সাথে সাথে দু’জন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কোপাতে শুরু করে। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা সবার চোখের সামনে দিয়েই দ্রুত দৌড়ে আদালত ভবনের বাইরে চলে যায়।
তাকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
দিনদুপুরে পুলিশের সামনেই এ ধরনের ধারালো অস্ত্রের হামলায় সাধারণ মানুষ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালতের মতো সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের ভেতরে এমন ঘটনা ঘটা স্থানীয়দের ভাবিয়ে তুলেছে আর নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও তুলেছ
ঘটনার পরপরই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে এবং দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং কঠোর নজরদারি চালুর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক হামলার পুনরাবৃত্তি না ঘটে।
গুরুতর আহত ব্যক্তির পরিচয় ও হামলার কারণ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত
অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :