
শিবপুর প্রতিনিধি:
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ও আট দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম তাঁর মনোনয়নপত্র উত্তোলন করেছেন। রোববার (আজ) তিনি শিবপুর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মাওলানা রাকীবুল ইসলাম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজসহ দলটির স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা রাকীবুল ইসলাম বলেন, নরসিংদী-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির শিকার। তিনি বলেন, “আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা, নৈতিক রাজনীতি এবং জনকল্যাণমুখী উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।”
তিনি আরও বলেন, জনগণের জান-মাল ও সম্মান রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ন্যায়ভিত্তিক ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর প্রধান অঙ্গীকার। নরসিংদী-৩ আসনকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আশা প্রকাশ করেন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে নরসিংদী-৩ আসনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে মাওলানা রাকীবুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :