Facebook Twitter Instagram YouTube

লটারির মাধ্যমে একযোগে বদলি: নরসিংদীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ /
লটারির মাধ্যমে একযোগে বদলি: নরসিংদীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক

স্টাফ রিপোর্টার:

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে একযোগে দেশের ৬৪ জেলা পুলিশের সুপার (এসপি) বদলি করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

নতুন পদায়নে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল ফারুক। তিনি এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে গৃহীত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের লক্ষ্যে স্বচ্ছ লটারি প্রক্রিয়ার মাধ্যমে দেশের ৬৪ জেলার নতুন এসপি চূড়ান্ত করা হয়। লটারি প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সূত্র জানায়, পুলিশ ক্যাডারের ২৫তম, ২৭তম ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের যাচাই–বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই নির্বাচনকালীন দায়িত্বের জন্য লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণত একজন এসপি তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। তবে তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে নির্বাচন কমিশন বদলি ও পদায়ন করতে পারে।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।