
স্টাফ রিপোর্টার।
১৬ নভেম্বর ২০২৫।
শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে ইটাখোলা বালুর মাঠে অনুষ্ঠিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণসমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড়ে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দুপুর থেকেই সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে যোগ দিলে পরিবেশ হয়ে ওঠে উত্তাল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জননেতা আকরামুল হাসান মিন্টু।
সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জরুরিতার কথা তুলে ধরেন। পুরো সমাবেশ জুড়ে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনয়নের দাবিতে মুহুর্মুহু স্লোগান শোনা যায়— যেখানে অধিকাংশ উপস্থিত জনতা আকরামুল হাসান মিন্টুকে নৌকা-বিরোধী আন্দোলনের মুখ ও পরবর্তী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বক্তৃতায় বিশেষ বক্তা আলহাজ্ব আকরামুল হাসান মিন্টু বলেন—
“শিবপুরবাসী আর কোন বিতর্কিত চরিত্রের ব্যক্তিকে নেতৃত্বে দেখতে চায় না। যাদের চরিত্রে কালি আছে আমরা তাদের কাউকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নেব না। শিবপুরের মানুষ সৎ, পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব চায়। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবেন জনগণের কাছে গ্রহণযোগ্য ও পরিষ্কার ভাবমূর্তির একজন ব্যক্তি।”
সমাবেশে বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন আরও বেগবান করা হবে। সরকারের ‘ফ্যাসিবাদী’ আচরণের বিরুদ্ধে শিবপুরবাসীরা ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন তারা।
আপনার মতামত লিখুন :