
নিউজ ডেক্স:
চব্বিশের জুলাই–আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
দেশে মানবতাবিরোধী অপরাধে কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে ঘোষিত এটিই প্রথম রায়। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।
রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যথাযথভাবে প্রমাণিত হয়েছে। আদালত বলেছে, চব্বিশের জুলাই–আগস্ট পরিস্থিতিতে ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ এর অবস্থান থেকে শেখ হাসিনা সরাসরি অপরাধে ভূমিকা রেখেছেন। তাদের নির্দেশ অনুসারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সহযোগিতা ও বাস্তবায়ন করেছেন।
রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট আদালত-সংশ্লিষ্ট সূত্র।
আপনার মতামত লিখুন :