
নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত মানোন্নয়ন ও ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ , সাধারণ সম্পাদক মাহবুব খান , সহ-সভাপতি মোমেন খান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া নতুন সদস্যরাও সক্রিয়ভাবে সভায় অংশগ্রহণ করেন। পরিচিতি পর্বে নতুন সদস্যরা নিজেদের সাংবাদিকতা কার্যক্রম ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিবপুর প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি প্ল্যাটফর্ম। নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে স্থানীয় সমস্যা, উন্নয়ন, দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতে নিয়মিত সভা, কর্মশালা ও সামাজিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় নতুন সদস্যদের বরণ করা হয় এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :