
বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ এবং শিল্পকারখানার মালিকরা যে দুর্ভোগের শিকার হচ্ছেন, তা স্বীকার করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সভা পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাসহ বহু সমস্যা পেয়েছে। এর মধ্যেই একটি যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এসব সংকটের মধ্যে বর্তমানে জ্বালানি সংকটের চাপও মোকাবিলা করতে হচ্ছে। তিনি জানান, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের প্রায় ৬৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। সরকার দীর্ঘদিন জ্বালানির দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় কিছুটা দাম বাড়াতে হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ যাতে তৈরি না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের ওপর চাপ কমাতে সাম্প্রতিক বাজেটে প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর বাড়ানো হয়নি, বরং কয়েকটি পণ্যের কর কমানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান জ্বালানি সংকটের চাপ সামাল দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বিশ্বে আবার কোনো সংকট তৈরি হলে বাংলাদেশের মানুষ যেন জ্বালানি সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য শুধু বর্তমান সংকট মোকাবিলা নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য সংকটের জন্যও দেশকে প্রস্তুত রাখা। সংকট মোকাবিলায় সরকারের নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০০
আপনার মতামত লিখুন :