
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৮। লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করে জার্মানির নতুন পদক্ষেপকে ‘বাস্তব যুদ্ধের সূচনা’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার রুশ সংবাদমাধ্যম ভেস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। লাভরভ দাবি করেন, লেইপজিগ বিমানবন্দরে ইউক্রেনগামী কার্গো বিমানের কাছে ড্রোন উড়ানোর ঘটনার জন্য জার্মানি রাশিয়াকে দায়ী করলেও, প্রকৃতপক্ষে ড্রোনটি কার ছিল তা নিয়ে কোনো যথাযথ তদন্ত করা হয়নি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতির সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জার্মানির পদক্ষেপের মিল খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, জার্মানির বর্তমান আচরণ অগ্রহণযোগ্য এবং তারা পুনরায় যুদ্ধের দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে তিনি জার্মানির রুশ কনস্যুলেট জেনারেল এবং রাশিয়ান হাউস বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। লাভরভ বলেন, এই পদক্ষেপগুলো মূলত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের ইউরোপীয় ইউনিয়নের ‘সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়ে তোলার পরিকল্পনাকেও অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন লাভরভ। তিনি জানান, রাশিয়ার নেতৃত্ব মেরৎসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। লাভরভের মতে, জার্মানি ইতিহাসের শিক্ষা থেকে কিছুই শেখেনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার জার্মানি আনুষ্ঠানিকভাবে লেইপজিগ বিমানবন্দরের ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বন শহরে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট জেনারেল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২০১১ সালের সাংস্কৃতিক কেন্দ্র বিষয়ক চুক্তি বাতিল করে বার্লিনের রাশিয়ান হাউস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাশিয়ায় কর্মরত জার্মান কূটনৈতিক এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
আপনার মতামত লিখুন :