
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সভায় ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী সভায় স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাড়িঘর ও এর আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে মানুষকে আরও সচেতন করার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা অভিযানকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই কার্যক্রম মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের মশারির আওতায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মশার মাধ্যমে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানও সভায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :