
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৭ (06 September 2026, 19:27)
ঝালকাঠির নলছিটি ট্রলার ঘাটটি দীর্ঘ ৫০ বছর ধরে সচল থাকলেও সেখানে এখনো কোনো যাত্রী ছাউনি নির্মিত হয়নি। ফলে প্রতিদিন রোদ, বৃষ্টি ও ঝড়ের মধ্যে নদী পারাপার হতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শত শত যাত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নলছিটি থেকে নদীপথে ঝালকাঠি, বরিশাল ও ষাটপাকিয়া যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম এই ট্রলার ঘাট। এখানে একটি ফেরি থাকলেও তা নির্দিষ্ট সময় এবং বিশেষ কারণ ছাড়া সাধারণত চলাচল করে না। এ কারণে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ যাত্রী নদী পারাপারের জন্য এই ট্রলার ঘাটের ওপর নির্ভর করেন। যাত্রীদের পাশাপাশি ট্রলারে নিয়মিত মোটরসাইকেল, ভ্যান ও রিকশাও পারাপার করা হয়।
প্রতিবছর এই ঘাট ইজারা দিয়ে নলছিটি পৌরসভা লাখ লাখ টাকা রাজস্ব আয় করে। চলতি বছরেই ঘাটটি ইজারা দিয়ে পৌরসভার আয় হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। অথচ বিপুল পরিমাণ আয়ের পরও সাধারণ যাত্রীদের জন্য সামান্য একটি ছাউনি তৈরি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে এই ঘাটে যাত্রী ছাউনি নির্মাণের জন্য ৭ লাখ ৬১ হাজার ৮৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেই বরাদ্দের কোনো সুফল মেলেনি। বরাদ্দকৃত অর্থ থেকে ১ লাখ ৮৭ হাজার টাকা উত্তোলন করা হলেও বাস্তবে সেখানে কোনো ধরনের নির্মাণকাজ করা হয়নি। এ বিষয়ে নলছিটি পৌরসভা প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, ট্রলার ঘাটে যাত্রী ছাউনি নির্মাণের ব্যাপারে পৌরসভা থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে পৌরসভার এমন নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী যাত্রীরা। তাদের অভিযোগ, পৌরসভা প্রতিবছর এত টাকা আয় করলেও যাত্রীদের ন্যূনতম সুযোগ-সুবিধা দিতে পারছে না। প্রতিদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ঘাটে দাঁড়িয়ে থাকতে হয়। বরাদ্দকৃত অর্থ থাকার পরও কাজ না হওয়ায় এবং কর্তৃপক্ষের উদাসীনতায় দিন দিন তাদের দুর্ভোগ কেবলই বাড়ছে।
আপনার মতামত লিখুন :