Facebook Twitter Instagram YouTube

সীতাকুণ্ডে অপরাধের ভয়াবহতা: রাউজানকে ছাড়িয়ে শীর্ষে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ / ০ Views
সীতাকুণ্ডে অপরাধের ভয়াবহতা: রাউজানকে ছাড়িয়ে শীর্ষে

চট্টগ্রামের একসময়ের 'সন্ত্রাসের জনপদ' রাউজানকে অপরাধমূলক কর্মকাণ্ডে ছাড়িয়ে গেছে পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলা। গত দুই বছরে রাউজানে ৩৪টি খুনের ঘটনা ঘটলেও, একই সময়ে সীতাকুণ্ডে হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় রাজনৈতিক আধিপত্য, দলীয় কোন্দল, চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ এবং জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত সীতাকুণ্ডে মোট ৪৫টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ৩৮ জন এবং বিএনপি সরকারের প্রথম ছয় মাসে সাতজন নিহত হয়েছেন। গত ১৯ জানুয়ারি সলিমপুরে র‌্যাবের ডিডি মোতালেব হত্যার ঘটনাটি প্রশাসনের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ২৯ জনসহ দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত পাঁচজন এজাহারভুক্তসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ডে গত দুই বছরে ধর্ষণের মামলা হয়েছে ২৫টি। এর মধ্যে বিএনপি সরকার গঠনের পর ১৮ ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আটটি এবং অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে অপহরণের ২০টি মামলার মধ্যে বিএনপির ছয় মাসে চারটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলায় সর্বশেষ ভয়াবহতার চিত্র লক্ষ্য করলে দেখা যায়, গত ১০ আগস্ট মোহাম্মদ সুমন নামে এক ব্যক্তি জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত হন। এরপর ২৫ আগস্ট মুরাদপুর ইউনিয়নে নুরুল ইসলাম ইরানকে কুপিয়ে ও গণপিটুনিতে হত্যা করা হয়। এর তিন দিন আগেই শামীম নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din