
রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনাস্থলের কাছেই থানা থাকা সত্ত্বেও কেন হামলা ও ভাঙচুর ঠেকানো গেল না, তা খতিয়ে দেখা হচ্ছে। দারুসসালাম জোনের অতিরিক্ত উপকমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে গঠিত এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের কোনো সদস্যের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শনে তাঁর মনে হয়েছে, এত বড় পরিসরে ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দিতে কিছুটা সময় লেগেছে। তাই পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ওই সময় পুলিশের ভূমিকা কী ছিল, তা পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, পুলিশ কোনো দল বা মত বিবেচনা করবে না; অপরাধীকে আইনের আওতায় আনাই তাদের লক্ষ্য।
এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হামলার সঙ্গে অর্থের বিনিময়ে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া হামলা ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল বলেও তিনি নিশ্চিত করেন, তবে কেন হামলাকারীদের থামানো বা আটক করা হয়নি, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মুখোশধারী একটি বড় দল সেখানে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে এবং স্থাপনা ভাঙচুর ও বিভিন্ন সরঞ্জাম লুট করে। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনাটি জানার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো অবহেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :