Facebook Twitter Instagram YouTube

রাজউকের সিল জাল ও ভুয়া অনুমোদনপত্র দিয়ে আবাসন ব্যবসা, তথ্য টিআইবির


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ / ০
রাজউকের সিল জাল ও ভুয়া অনুমোদনপত্র দিয়ে আবাসন ব্যবসা, তথ্য টিআইবির

ঢাকার বেসরকারি আবাসন খাতে রাজউকের সিল ও প্যাড জাল করে ভুয়া অনুমোদনপত্র প্রদর্শন এবং নকশা জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি। একই সঙ্গে কোম্পানির রেজিস্ট্রেশন নম্বরকেই প্রকল্পের নিবন্ধন নম্বর হিসেবে চালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বুধবার রাজধানীর টিআইবি কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা যায়, আইনগত অনুমোদন বা ছাড়পত্র ছাড়া কিংবা নিয়মবহির্ভূত ও পুরানো তারিখে অনুমোদন দেখিয়ে আবাসিক প্রকল্প বাস্তবায়ন করছেন অনেক উদ্যোক্তা। পরিবেশগত শর্ত ও নিয়ম উপেক্ষা করে অনুমোদিত জমির চেয়ে বহুগুণ বেশি জায়গায় কার্যক্রম চালানো হচ্ছে। দৃষ্টান্ত হিসেবে রাজধানীর হোলান ও আশকোনা এলাকার একটি প্রকল্পের কথা উল্লেখ করেছে টিআইবি। সেখানে মাত্র ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত নিচু জমি ও জলাভূমি ভরাট করে বিপণন শুরু করা হয়, যা পরবর্তী সময়ে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন। এছাড়া আইনগত বাধ্যবাধকতা ও নাগরিক সুবিধা দেওয়ার দায় এড়াতে বড় প্রকল্পগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করার প্রবণতা দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকল্পের নকশায় খেলার মাঠ, বিদ্যালয় ও উপাসনালয়ের মতো কমিউনিটি সুবিধার কথা বলা হলেও বাস্তবে তা রাখা হয় না, কিংবা পরে সে জমি বিক্রি করে দেওয়া হয়। বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও কমিউনিটি সুবিধার নামে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। জনসংখ্যা অনুপাতে প্রয়োজনীয় রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকল্পনার মানদণ্ড মানা হচ্ছে না। পাশাপাশি প্রভাবশালী ক্রেতাদের সুবিধার্থে সাধারণ ক্রেতাদের জন্য ধার্য করা প্লট পরিবর্তন করে নিম্নমানের জমি দেওয়া কিংবা বরাদ্দ বাতিল করার জালিয়াতি চলছে।

টিআইবির তথ্য অনুযায়ী, জমি কেনা বা অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগেই প্লটের বিপণন শুরু করছে কোম্পানিগুলো। গবেষণার ফলাফলে টিআইবি আরও জানিয়েছে, কোনো কোনো রিয়েল এস্টেট কোম্পানি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ও দলিল তৈরি করে, প্লট নম্বরকে মৌজা নম্বর হিসেবে দেখিয়ে এবং প্রকল্পের অনুমোদনের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে প্লট বিক্রি করে। কোম্পানির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত, পারিবারিক অথবা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি এবং অন্যের জমিতে বছরে ১০-২০ হাজার টাকা চুক্তিতে সাইনবোর্ড টাঙিয়ে প্রকল্পের জমি হিসেবে প্রদর্শনের অভিযোগ রয়েছে। এমনকি একটি প্লট একাধিক ক্রেতার কাছে বিক্রি করে আর্থিক প্রতারণা করা হচ্ছে। অন্যদিকে হস্তান্তরে বিলম্ব, গ্রাহককে না জানিয়ে একতরফা বরাদ্দ বাতিল, টাকা ফেরত দিতে গড়িমসি ও ডেভেলপারদের অনুমতি নেওয়া বাধ্য করে প্লট মালিকের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে। নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের সুরক্ষাসামগ্রী না দেওয়া, ধূলিবালি নিয়ন্ত্রণ না করা এবং রাতে উচ্চশব্দে পাইলিংয়ের কারণে চারপাশের বাসিন্দাদের ভোগান্তি ও ভবনের কাঠামোগত ক্ষতি করা হচ্ছে।

গবেষণার ফলাফল প্রকাশকালে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে কোথায় অনিয়ম হচ্ছে না, তা নিরূপণ করা অসম্ভব। তিনি বলেন, সব সংস্থা একইভাবে আইন লঙ্ঘন না করলেও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাত্রা কম-বেশি সবার মধ্যেই রয়েছে। সার্বিকভাবে পুরো আবাসন খাতের প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এ ধরনের জালিয়াতি ও নিয়ম লঙ্ঘনের উদাহরণ বা অভিযোগ বিদ্যমান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin