
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দ্বিতল ভবনের দোতলায় অবস্থিত ইউএনওর কক্ষে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খালিয়াজুরীতে নিজস্ব ফায়ার স্টেশন না থাকায় দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন।
ঘটনার বিবরণ দিয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা দোতলায় তাঁর কক্ষে আগুন জ্বলতে দেখে চিৎকার করে ওঠেন। খবর পেয়ে তিনি বাসা থেকে তাৎক্ষণিক এসে কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। ইউএনও আরও জানান, ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন এবং দোতলার কার্যালয়ে ওঠার জন্য নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল। ফলে প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে না। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের সবকটি ফটক বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :