Facebook Twitter Instagram YouTube

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই: মাহদী আমিন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ / ০
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই: মাহদী আমিন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা রোধে শুরু থেকেই কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। মাহদী আমিন স্পষ্ট করে জানান, দুষ্কৃতকারীরা নিজেদের পরিচয় আড়াল করতে বা অন্য কোনো পরিচয় ব্যবহারের চেষ্টা করুক না কেন, তাদের অপরাধের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করবে।

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নাম কিংবা সরকারের উচ্চপদস্থ ব্যক্তির পরিচয় ব্যবহার করে কেউ পার পাবে না। মিরপুরের ওই ঘটনায় ইতোমধ্যেই দ্রুততম সময়ের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি দল বা প্রশাসনের প্রভাব খাটিয়ে কেউ কোনো অপকর্ম কিংবা ভাঙচুর চালালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে তিনি হুশিয়ারি দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din