Facebook Twitter Instagram YouTube

বনানীর এফআর টাওয়ার খোলার তোড়জোড়: রাজউকের নেই কোনো অনুমোদন


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ / ০
বনানীর এফআর টাওয়ার খোলার তোড়জোড়: রাজউকের নেই কোনো অনুমোদন

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিউনিউয়ে অবস্থিত বহুল আলোচিত এফআর টাওয়ার ফের খোলার তোড়জোড় চলছে। ভবনটির ভেতরে-বাইরে এখন পুরোদমে সংস্কারকাজ চলছে এবং ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ ব্যানারও টানানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ভবনের প্রায় সব ফ্লোরই ইতিমধ্যে ভাড়া হয়ে গেছে। অথচ রাজউক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ভবনটি খোলার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। বেআইনিভাবে ভবনটি খোলার চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রাজউক জানিয়েছে।

সরেজমিন দেখা যায়, ভবনের নিচে বিশাল আকারের ‘টু-লেট এফআর টাওয়ার’ ব্যানার টানানো হয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আয়তন হিসাব করে ন্যূনতম ৩৮০ টাকা বর্গফুট হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে। এর সঙ্গে ৬ মাসে অগ্রিম ভাড়া এবং নিরাপত্তা জামানত হিসাবে আরও ৬ মাসের ভাড়া জমা দিতে হবে। কথাবার্তা চূড়ান্ত হলে মালিকপক্ষ ভাড়া চুক্তিপত্র স্বাক্ষর করে দেবেন। তবে ভবনের মূল মালিক সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক ২০০৮ সাল থেকেই ভবনটির তদারকি করে আসছেন। ম্যানেজার পরিচয় দেওয়া হাসান দাবি করেন, ভবন খোলার জন্য অনুমোদন নেওয়া হয়েছে এবং এজন্যই ভাড়া কিছুটা বেশি রাখা হচ্ছে।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম এ বিষয়ে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হক জানান, তারা খবর পেয়েছেন ভবনটি খোলার চেষ্টা চলছে এবং শিগগিরই সেখানে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হবে। যদিও এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত রাজউকের পক্ষ থেকে কোনো অভিযান বা বাধা দেওয়া হয়নি।

২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ২৬ জনের মৃত্যু হয় এবং অন্তত ৭৫ জন গুরুতর আহত হন। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনে ভবনের এয়ারটাইট অবস্থা, পর্যাপ্ত ভেন্ডিলেশন না থাকা, দাহ্য পদার্থের ব্যবহার এবং ফায়ার এক্সিট ও সেফটি লবির অভাবসহ নানা ত্রুটি চিহ্নিত করা হয়েছিল। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ১৫টি সুনির্দিষ্ট সুপারিশ করা হলেও সরেজমিন দেখা যায়, সেগুলোর কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ভবনটির সীমাবদ্ধতাগুলো সমাধান না করেই আগের ঝুঁকি বহাল রেখে এটি চালুর চেষ্টা এক ধরনের দায়মুক্তির ইকোসিস্টেম বা ম্যানেজ চক্রের বহিঃপ্রকাশ। এদিকে, এ সংক্রান্ত মামলায় ৮ জনকে আসামি করা হয়। তারা হলেন-এফআর টাওয়ারের জমির মালিক ও ভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক, এফআর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি ও কাসেম ড্রাইসেলসের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর-উল-ইসলাম, ভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিম উল্লাহ, এএ মনিরুজ্জামান, সৈয়দ আমিনুসহ মোট ৮ জন। এদিকে নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভবনটি ২৩ তলা করা হয়। জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভবন মালিকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। তবে এ সংক্রান্ত মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সাক্ষীদের অনেকে নিয়মিত হাজির না হওয়ায় বিলম্বিত হচ্ছে বিচার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor