
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি ভাইরাল হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানার সাবেক এই ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে। এক বা একাধিক সংস্থা এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। তিনি স্পষ্ট করেন যে, কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :