Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অগ্নিপরীক্ষা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ / ০
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অগ্নিপরীক্ষা

বর্তমান সরকারের অধীনে প্রথম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এবারের দুর্গাপূজা একটি অগ্নিপরীক্ষা বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

পূজা উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, মহালয়া থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে এবং মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। এছাড়া পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে।

পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজেদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজরদারির পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজা আনন্দঘন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din