
সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন রাজধানীর উত্তরার বাসিন্দা জবা (ছদ্মনাম)। অ্যাপটি নামানোর পরপরই তাঁর মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্টে জমার বার্তা আসে ১ হাজার ৬২৫ টাকা। ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তিনি আর খোঁজ নেননি। তবে বিপত্তি ঘটে ঠিক পাঁচ দিন পর। হোয়াটসঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে ফোন করে দাবি করা হয়, তিনি অ্যাপ থেকে ঋণ নিয়েছেন এবং সুদসহ ২ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই জবার ফোনে শুরু হয় গালিগালাজ ও হুমকিপর্ব। তাঁর ব্যক্তিগত তথ্য ও ছবি ফেসবুকে থাকা পরিচিতদের কাছে পাঠিয়ে মা-মেয়েকে সামাজিকভাবে হেয় করার ভয় দেখানো হয়। পরে বাধ্য হয়ে চলতি বছরের এপ্রিলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী। তদন্তে নেমে পুলিশ একটি সংঘবদ্ধ সাইবার চক্রের সন্ধান পায় এবং অন্য একটি মামলায় চক্রটির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জবার এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানীসহ সারা দেশেই অ্যাপের প্রলোভন, ভুয়া সম্পর্কের ফাঁদ কিংবা প্রযুক্তিগত উপায়ে ব্যক্তিগত ছবি ও গোপন তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধরণের সাইবার অপরাধের মোট ১ হাজার ৯৫৭টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ভুক্তভোগীদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানি, অনৈতিক ব্ল্যাকমেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগই ৭১৩টি, যা মোট প্রাপ্ত অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ।
ডিএমপির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লেখিত সময়ে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানির অভিযোগে ১৯৯টি, ব্ল্যাকমেলের ১৬৬টি এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার ও মানহানির ঘটনায় ৩৪৯টি আবেদন জমা হয়েছে। অপরাধীরা ভুক্তভোগীদের সামাজিক পরিচিতি ও ছবি ব্যবহার করে কার্যত তাঁদের জিম্মি করে ফেলছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি অনেকে চরম পারিবারিক ও সামাজিক সংকটে পড়ছেন। অনেক ক্ষেত্রে পরিচিত ব্যক্তিরাই এসব ছবি বা তথ্য ব্যবহার করে জিম্মি করার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছেন।
একই ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়েছিলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলি (ছদ্মনাম)। সম্প্রতি পারিবারিক সম্মতিতে বিয়ে হওয়ার পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয়দের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি পাঠাতে শুরু করেন এক যুবক। এতে দুই পরিবার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। বেলি বুঝতে পারেন, ছবিটি পাঠাচ্ছেন তাঁর পূর্বপরিচিত সাবেক এক প্রেমিক। বারবার অনুরোধ সত্ত্বেও তিনি থামেননি, বরং ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী পুলিশের সহায়তা নিলে সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আইনি পরিণতির বিষয়ে সতর্ক করেন। এতে সাময়িকভাবে হয়রানি বন্ধ হয়। পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের হাতে ব্যক্তিগত ছবি বা ভিডিও গেলে ভুক্তভোগীকে আরও আপত্তিকর কনটেন্ট তৈরিতে বাধ্য করার পাশাপাশি তা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া যায়।
ব্ল্যাকমেল ও ব্ল্যাকমেইলিংয়ের পাশাপাশি অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণাও সমানতালে চলছে। ‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামের একটি ভুয়া ফেসবুক পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে পণ্য সরবরাহের বিজ্ঞাপনে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন কলাবাগানের এক বাসিন্দা। পেজে থাকা নম্বরে যোগাযোগ করে তিনি এমএফএস-এর মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান, কিন্তু পরে ওই নম্বরগুলোর আর কোনো খোঁজ পাননি। পরে এ ঘটনায় তিনি থানায় জিডি করেন। ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের হিসাবে, ঋণ ও বিনিয়োগের প্রলোভনে প্রতারণার ৫৬টি, মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি, পণ্য বা সেবা বিক্রির নামে ৮৮টি এবং চাকরির প্রলোভনে ৪১টি অভিযোগ নথিবদ্ধ হয়েছে। এ ছাড়া হানিট্র্যাপ, নিখোঁজসংক্রান্ত বিষয়, ডার্ক ওয়েব ও অবৈধ বাজার পরিচালনা সংক্রান্ত অভিযোগ এসেছে ৯৫টি।
প্রতারণার শিকার হয়েও সব ভুক্তভোগী কিন্তু শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে যেতে চান না। গত ২৫ আগস্ট রাতে ভাটারা এলাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দেলোয়ার হোসেনের (১৯) মুঠোফোন হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। কিছুক্ষণ পরই তাঁর এমএফএস অ্যাকাউন্ট থেকে ৬ হাজার ৯০০ টাকা (যার মধ্যে ৯০০ টাকা ঋণ নেওয়া) অন্য নম্বরে চলে যায়। কোনো ওটিপি কিংবা পিন নম্বর না দেওয়া সত্ত্বেও এ ঘটনা ঘটলে তিনি থানায় জিডি করেন। দেলোয়ার জানান, তিনি মামলা করতে চাইলেও পুলিশ কেবল জিডি হিসেবে তা গ্রহণ করে। পরে মামলার আইনি প্রক্রিয়া দীর্ঘ ও ব্যয়বহুল হওয়ায় এবং টাকা ফেরতের আশা কম থাকায় তিনি আর এগোননি। পুলিশ জানিয়েছে, ছোট অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াকে সাইবার অপরাধীরা নিরাপদ মনে করছে, কারণ এতে ভুক্তভোগীরা মামলা করতে অনীহা প্রকাশ করেন এবং অপরাধীদের শনাক্ত করাও জটিল হয়ে পড়ে। তা ছাড়া প্রায় সব অপরাধেই অন্যের নামে নিবন্ধিত সিম ও এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করায় মূল চক্রকে ধরা কঠিন হয়ে পড়ে।
ব্যবহারকারীদের অসচেতনতাকেই অপরাধের প্রধান কারণ বলে চিহ্নিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ) যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, ব্যবহারকারীর অসচেতনতায়ই সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে। অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চাইলেও আইনি পদক্ষেপ নিতে চান না। তাঁরা শুধু টাকা উদ্ধার কিংবা মানহানিকর কনটেন্ট মুছে দেওয়ার অনুরোধ করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে মামলা ও জিডি হয়, যার মধ্যে জিডির তুলনায় মামলার সংখ্যা বেশ কম।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের এ বিষয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, অসতর্কভাবে ব্যক্তিগত তথ্য প্রকাশ, ভুয়া আইডি ও হ্যাকিংয়ের সুযোগ নিয়েই অপরাধীরা সক্রিয় থাকছে। দ্রুত সময়ে অপরাধীদের শনাক্ত করে বিচারে মুখোমুখি না করার কারণেই অপরাধের ব্যাপ্তি বাড়ছে। তিনি ভুক্তভোগীদের আতঙ্কিত না হয়ে ব্ল্যাকমেলারের দাবি পূরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন। সেই সঙ্গে প্রমাণের সুবিধার্থে স্ক্রিনশট ও লিংক সংরক্ষণ করে পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারে দ্রুত অভিযোগ করার কথা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও দ্রুত অভিযোগ গ্রহণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ, গোপনীয়তা বজায় রাখা এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ।
যা মোট অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ।এই সময়ে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানির অভিযোগ এসেছে ১৯৮টি।
আপনার মতামত লিখুন :