Facebook Twitter Instagram YouTube

আওয়ামী লীগ ফিরতে চাইলে জনগণই প্রতিহত করবে, বললেন জামায়াতের আমির


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ / ০ Views
আওয়ামী লীগ ফিরতে চাইলে জনগণই প্রতিহত করবে, বললেন জামায়াতের আমির

অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, 'আওয়ামী লীগ ফিরতে চাইলে জনগণই তাদের প্রতিহত করবে।' একই সঙ্গে রাজনৈতিক ঐক্যের স্বার্থে প্রধানমন্ত্রীর সংলাপের সিদ্ধান্ত ও উদ্যোগকে ইতিবাচক বলে অভিহিত করেছেন তিনি।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, 'সকল গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।'

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে অবতরণের পর ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দলের শীর্ষ নেতারা। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh