
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাঁচটি নতুন প্রকল্প, চারটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব।
প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।
স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন। এর সঙ্গে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে পাবনা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি নতুন প্রকল্প রয়েছে। এছাড়া নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ খাতের নতুন প্রকল্পগুলোর আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদন পেয়েছে।
এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়েছে, যা ইতিপূর্বে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা, কেন্দ্রীয় প্যাকিং হাউসে উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারের মান উন্নয়ন এবং ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়াও অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদ জরিপ, ভেনম রিসার্চ সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের বিষয়গুলো তালিকায় রয়েছে।
সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :