Facebook Twitter Instagram YouTube

ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ নভেম্বর


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ /
ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ নভেম্বর

দীর্ঘ দুই দশক বিরতির পর ফিলিস্তিনে সাধারণ বা আইনসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে তিনি এই নির্বাচনের তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করেছেন।

এই নির্বাচনের পরিকল্পনা অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের পর এটিই হতে যাচ্ছে ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন। এর আগে ২০০৬ সালে অনুষ্ঠিত আইনসভা নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে পরাজিত করে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

এই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ফাতাহ ও হামাসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। যার ধারাবাহিকতায় ২০০৭ সালে সংঘাতের মাধ্যমে হামাস গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেই থেকে পশ্চিম তীর ফাতাহ-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, নির্ধারিত সময়ে এই নির্বাচন আয়োজন বেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর পেছনে তারা বর্তমান যুদ্ধ পরিস্থিতি, ফাতাহ ও হামাসের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন এবং পূর্ব জেরুজালেমে ভোট আয়োজনের ক্ষেত্রে ইসরায়েলের কঠোর অবস্থানকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন।