Facebook Twitter Instagram YouTube

গত বছরের তুলনায় দেশে অপরাধের হার কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ / ০
গত বছরের তুলনায় দেশে অপরাধের হার কমেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে গত বছরের তুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো অপরাধবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি, যা চলতি বছরের একই সময়ে কমে ৩৮৭টিতে দাঁড়িয়েছে। দস্যুতার ঘটনা এক হাজার ৪৮৩টি থেকে কমে এক হাজার ৩৭৪টি এবং খুনের ঘটনা দুই হাজার ৯১৩টি থেকে কমে দুই হাজার ৬৫৯টি হয়েছে। এছাড়া দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে ১৭টিতে নেমেছে।

নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রেও উন্নতির চিত্র দেখা গেছে। এই সময়ে নারী নির্যাতনের ঘটনা ৯ হাজার ২৬২টি থেকে কমে আট হাজার ৯৭৮টি হয়েছে। শিশু নির্যাতনের ঘটনা তিন হাজার ৫৯১টি থেকে কমে তিন হাজার ১৫১টি এবং অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে নেমেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের পরিসংখ্যানেও অপরাধ কমেছে। এ সময়ে ডাকাতির ঘটনা ১৭১টি থেকে কমে ১২৩টি, খুন ৯৮০টি থেকে কমে ৮৮১টি এবং চুরির ঘটনা দুই হাজার ৬৯৩টি থেকে কমে দুই হাজার ৫৭৬টি হয়েছে। এছাড়া শিশু নির্যাতন ও অপহরণের ঘটনাও আগের তুলনায় কমেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং অপরাধ দমনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে অপরাধের পরিসংখ্যানে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor