
সিলেট নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লার পাড়ে অবস্থিত হোটেলটি থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।
আটককৃতদের মধ্যে চতুর্থজন হলেন টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন, যিনি বদির সহযোগী হিসেবে পরিচিত। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে উঠেছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে পুলিশ হোটেলটি ঘিরে রাখে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তারা ঠিক কী কারণে সিলেটে অবস্থান করছিলেন বা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
আপনার মতামত লিখুন :