Facebook Twitter Instagram YouTube

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ / ০
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন বেতন সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ১৭ হাজার টাকার পক্ষে চারটি এবং ১৮ হাজার টাকার পক্ষে দুটি ভোট পড়ে। নতুন এই মজুরি কাঠামোতে ৩য় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, ২য় গ্রেডে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের জন্য নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সেই পরিস্থিতির প্রেক্ষাপটে ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তবে সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে কারখানাগুলোতে কাজ বন্ধ থাকার খবর নিয়মিত পাওয়া যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh