Facebook Twitter Instagram YouTube

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের নতুন প্রস্তাব


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ / ০ Views
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের নতুন প্রস্তাব

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষ তাদের নতুন প্রস্তাব পেশ করেছে। সোমবার রাজধানীর শ্রম ভবনে আয়োজিত নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে মজুরির অংক প্রস্তাব করা হলেও তা জনসম্মুখে প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ব্রিফিংয়ে জানান, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব এখন শ্রমিক ও মালিক উভয় পক্ষই পর্যবেক্ষণ করবে। এরপর প্রয়োজনবোধে দুই পক্ষই সংশোধিত প্রস্তাব পুনরায় বোর্ডে জমা দিতে পারবে। তিনি আরও জানান, আজকের সভা চলমান থাকবে এবং প্রয়োজনে আগামীকালও বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। এছাড়া বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মালিকপক্ষের এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর আগের সভায় শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। শ্রমিকপক্ষের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, একটি পরিবারের খাদ্য, পুষ্টি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা বিবেচনা করে তারা ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর আগে ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের ২০ হাজার ৩৯৩ টাকার দাবির বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দিয়েছিল, যা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে তিন সপ্তাহের আন্দোলনের মুখে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়। সেই আন্দোলনে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন শ্রমিক মারা যান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo