Facebook Twitter Instagram YouTube

ইরাক-কুর্দিস্তান সীমান্ত ও তেলক্ষেত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ / ০
ইরাক-কুর্দিস্তান সীমান্ত ও তেলক্ষেত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা

ইরাকের কেন্দ্রীয় সরকার ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধ নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ নভেম্বর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কুর্দিস্তান অঞ্চলের সমস্ত সীমান্ত ক্রসিং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কঠোর নির্দেশ প্রদান করেছেন। একইসঙ্গে কুর্দি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা চারটি প্রদেশের নির্দিষ্ট কিছু তেলক্ষেত্র পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাগদাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় রাজস্ব রক্ষা, রাষ্ট্রীয় তেলসম্পদ সুরক্ষিত রাখা এবং তেল পাচার প্রতিরোধের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ অয়েল কোম্পানির কার্যক্রমে অনিয়ম ও তেল পাচারের অভিযোগের তদন্ত থেকে এই নির্দেশের সূত্রপাত। তদন্তের পর সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে অপসারণ, নর্থ অয়েল কোম্পানির মহাপরিচালক ও তার ডেপুটিদের বরখাস্ত এবং কিরকুকের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, কিরকুক ও সুলায়মানিয়াহ থেকে পাচার করা তেল ইরান হয়ে আফগানিস্তানে পাঠানো হচ্ছিল, যার মাধ্যমে কয়েক শ কোটি ডলারের সমপরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে বাগদাদের এই পদক্ষেপকে ‘বিস্ময়কর’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত আগের আলোচনার আশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। কুর্দি নেতাদের মতে, বিরোধের সমাধান হতে হবে ইরাকের সংবিধান ও ফেডারেল কাঠামোর ভিত্তিতে, কোনো একতরফা সামরিক বা প্রশাসনিক নির্দেশের মাধ্যমে নয়।

প্রধানমন্ত্রী আল-জাইদির কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, জাতীয় সার্বভৌমত্ব অবিভাজ্য এবং দেশের সম্পদ রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। নতুন নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কুর্দিস্তান আঞ্চলিক সরকার কোনো অপরিশোধিত তেল বা তেলজাত পণ্য রপ্তানি করতে পারবে না। এছাড়া দিয়ালা, কিরকুক, সালাহউদ্দিন ও নিনেভেহ প্রদেশের যেসব তেলক্ষেত্র বর্তমানে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো কেন্দ্রীয় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে খোরমালা তেলক্ষেত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই বাগদাদ ও এরবিলের মধ্যে তেলসম্পদের মালিকানা, রাজস্ব বণ্টন এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো ইস্যুতে মতপার্থক্য চলে আসছে। বর্তমান তেল পাচারবিরোধী অভিযান নিয়ে সৃষ্ট বিরোধ এখন ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে। কাতায়েব হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোও তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫: ১২আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৫: ১৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh