Facebook Twitter Instagram YouTube

তেল শোধনাগারে হামলা না থামলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি পুতিনের


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ / ০
তেল শোধনাগারে হামলা না থামলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনাগুলোতে ইউক্রেনের অব্যাহত হামলার জবাবে কড়া পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভ এসব হামলা বন্ধ করছে না। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পুতিন উল্লেখ করেন, হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বানের পরও ইউক্রেনীয় কর্তৃপক্ষ তা উপেক্ষা করে চলেছে। এই অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ গ্রহণ করা অনিবার্য হয়ে পড়েছে এবং দেশের জ্বালানি অবকাঠামোর সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়া তাদের জ্বালানি খাতে হামলা বন্ধ না করা পর্যন্ত ইউক্রেনও অভিযান থামাবে না। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর চলা যুদ্ধে গত অক্টোবরের মাঝামাঝি ট্রাম্প জ্বালানি যুদ্ধবিরতির কথা ঘোষণা করার পর হামলা কিছুটা কমলেও, অক্টোবর মাসের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনের আক্রমণ আবারও বৃদ্ধি পায়।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে শিল্প খাতের দুটি সূত্রের হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষভাগ থেকে শুরু হওয়া ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা প্রায় ৪৫ শতাংশ কমে গেছে। পরিস্থিতির কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পেট্রল ও ডিজেল বিক্রির ওপর বিধিনিষেধ জারি করতে হয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারব্যবস্থা কঠিন হলেও অক্টোবরে সর্বোচ্চ চূড়ায় ওঠার পর পেট্রলের দাম বর্তমানে কিছুটা স্থিতিশীল হয়েছে বলে দাবি করেন পুতিন।

এদিকে ফিনল্যান্ড উপসাগরে রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’-এ শনিবার চালানো ড্রোন হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জাহাজটিতে অস্ত্র পরিবহন করা হচ্ছিল বলে তা ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু ছিল; এই হামলায় জাহাজের একজন নাবিক আহত হন। এছাড়া শনিবার বাল্টিক সাগরে রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়, যার দায় কিয়েভ স্বীকার করেছে। অন্যদিকে রোববার লিবিয়ার একটি বন্দরে সামুদ্রিক ড্রোনের সাহায্যে রাশিয়ার নৌবাহিনীর একটি করভেট ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে ইউক্রেন। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এটিকে নিজেদের আত্মরক্ষার একটি বৈধ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

সংঘাতের আঞ্চলিক প্রভাব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পোল্যান্ড অভিযোগ তুলেছে যে, একটি রুশ নজরদারি ড্রোন সাময়িকভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর আগে গত শুক্রবার পোল্যান্ডের ভূখণ্ডে তিনটি রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছিল ওয়ারশ। সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে সোমবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে যুদ্ধ উসকে দেওয়ার মতো বৈরী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে মস্কো। অন্যদিকে যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা প্রদানকারী ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য রুশ নাশকতামূলক হামলার বিষয়ে সতর্ক করেছেন।

পাশাপাশি যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের তীব্র হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং চার শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর মিখাইলো সেমিকিন জানান, হামলাটির ফলে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার কাচ ভেঙে যায়। বিপরীতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সুমি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র এবং স্টারলিংক স্যাটেলাইট টার্মিনালসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে রুশ সেনাবাহিনী, যাতে বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy