
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের তীব্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পোশাক শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেন। এতে পুরো মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছামাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস, রাগাডি ফ্যাশন এবং রাজেন্দ্রপুরের বাংলাবাজার ও আশপাশের কারখানার শ্রমিকরাও একই দাবিতে আন্দোলনে যোগ দেন।
বিক্ষোভের কারণে সালনা থেকে বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবু জানান, তিনি উত্তরা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় অবরোধের মুখে পড়েন এবং বিকল্প পথে গিয়েও তীব্র যানজটের কবলে পড়েন।
ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশনের অপারেটর আরিফা বেগম জানান, অপারেটরদের বেতন তেমন বাড়েনি, তাই তিনি বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। বিশৃঙ্খল এলাকার অধিকাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আপনার মতামত লিখুন :