Facebook Twitter Instagram YouTube

নরসিংদী রায়পুরায় দুই ভাই খুন: প্রধান আসামি চাচাতো ভাই শিপন গ্রেফতার


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ /
নরসিংদী রায়পুরায় দুই ভাই খুন: প্রধান আসামি চাচাতো ভাই শিপন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি ॥

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম প্রধান আসামি ও নিহতদের চাচাতো ভাই শিপন (২৫) গ্রেফতার হয়েছে।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী শহরের আল্লাহ চত্বর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপনের বাড়ি রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে। তার পিতা আউয়াল মিয়া এই হত্যাকাণ্ডের মূল পক্ষভুক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) বিকেলে চরসুবুদ্ধি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে আউয়াল মিয়ার পক্ষের লোকজন হামলা চালায়। এতে গুরুতর আহত হয় দুই ভাই — শাকিল (২২) ও হুরন আলী ওরফে হুরা (ফুরা) মিয়া (২৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওইদিনই তিনজনকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করে। সর্বশেষ মঙ্গলবার রাতে প্রধান আসামি শিপন গ্রেফতার হওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) নরসিংদীর কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা দ্রুততম সময়ে এ অভিযান সম্পন্ন করে।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনের সম্পূর্ণ কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।