
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার পাঁয়তারা চলছে। রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এই সভার আয়োজন করেছিল।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে বিভিন্ন ক্যাম্পাসে হল দখলের চেষ্টা ও আধিপত্য বিস্তারের রাজনীতি শুরু হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলার কথা উল্লেখ করেন। এ ছাড়া ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে বলে তিনি দাবি করেন। হবিগঞ্জে তাদের দলের কর্মী আলিফের চোখ উপড়ে ফেলার মতো ঘটনাকেও তিনি এই পরিস্থিতির অংশ হিসেবে তুলে ধরেন।
বর্তমান সরকারকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলায় জড়ানো উচিত নয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সরকার যদি ক্ষমতার দাপটে সবকিছু দখলের চেষ্টা করে, তবে তার পরিণতি শেখ হাসিনার সরকারের মতোই হবে।
জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল ট্রাম্প কার্ডের মতো। সতেরো জুলাই দমন-পীড়নের পর যখন আন্দোলন থমকে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হাল ধরেছিল। তিনি আক্ষেপ করে বলেন, এ সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অবদানের কোনো স্বীকৃতি বা ডকুমেন্টেশনের উদ্যোগ গ্রহণ করেনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :