Facebook Twitter Instagram YouTube

রংপুরে শিক্ষক পরিবারে চার খুনের লোমহর্ষক বর্ণনা দিলেন দুই আসামি


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ /
রংপুরে শিক্ষক পরিবারে চার খুনের লোমহর্ষক বর্ণনা দিলেন দুই আসামি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)।

এর আগে শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে মাছুয়াপাড়ার একটি বাসা থেকে ৬৫ বছর বয়সী গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ৫০ বছর বয়সী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, ২৫ বছর বয়সী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং ১২ বছর বয়সী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের ভবনের ওপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে অনুপ্রবেশ করে। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। এক পর্যায়ে শব্দ শুনে গণপতি চক্রবর্তী ছাদে এসে তাদের পরিচয় জানতে চাইলে তারা তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এরপর গণপতির চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে তাকেও একই কায়দায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মায়ের চিৎকার শুনে এগিয়ে আসা মেয়ে প্রার্থী চক্রবর্তীকেও রশি ও গামছা দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করে তারা। সবশেষে ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাসার বাথরুমে গোসল করে ডাইনিং টেবিলে বসে খেজুর ও অবশিষ্ট ইয়াবা সেবন করে। জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা কিছু স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এবং সেগুলো নিকটবর্তী একটি মন্দিরের পেছনে পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখে। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেই আলামত জব্দ করেছে।

তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্তরা ঘরের জিনিসপত্র ইচ্ছাকৃতভাবে এলোমেলো করে রেখেছিল যাতে ঘটনাটি ডাকাতি বলে মনে হয়। এছাড়া আঙুলের ছাপ মুছে ফেলার জন্য বাসার দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলেও পুলিশ কমিশনার জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin