Facebook Twitter Instagram YouTube

৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে অবস্থান কর্মসূচির ঘোষণা বন্দর রক্ষা কমিটির


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ / ০
৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে অবস্থান কর্মসূচির ঘোষণা বন্দর রক্ষা কমিটির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে মাঠে নেমেছে বন্দর রক্ষা কমিটি। নিজেদের দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

সংবাদ সম্মেলনে ফজলুল কবির মিন্টু জানান, ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান গেটে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই সময়ের মধ্যে এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের বিষয়ে সরকার যদি সুস্পষ্ট ঘোষণা না দেয়, তবে এই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

লিখিত বক্তব্যে কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে ১৫ বছরের একটি কনসেশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ফজলুল কবির মিন্টু বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্য, রাজস্ব এবং শিল্প-বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত একটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনার সম্ভাব্য আয়, সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রাষ্ট্রের আর্থিক সুবিধার বিষয়টি জনসম্মুখে প্রকাশ না করে এমন কৌশলগত স্থাপনা ইজারা দেওয়া উচিত নয়।

কমিটি জোর দিয়ে বলেছে যে, তাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। বরং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের উদ্বেগ তুলে ধরা, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে, এনসিটি-সিসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের পাশাপাশি শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আন্দোলনে যুক্ত শ্রমিকদের প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল ও খোরশেদ আলম এবং ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন প্রমুখ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh