Facebook Twitter Instagram YouTube

সাংবিধানিক সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ / ০
সাংবিধানিক সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

চব্বিশ-উত্তর বাংলাদেশে শুরু হওয়া সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য রাজনীতিতে বৃহত্তর ঐকমত্য গড়ে তোলা জরুরি বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬' সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মঅধিবেশনে তিনি এই আহ্বান জানান। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ থেকে তিনি বলেন, সংস্কারের যে কাজ শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি, এটি পূর্ণতা দিতে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য। ইউরোপের সফল রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের অভিজ্ঞতার আলোকে সরকারি প্রশাসন সংস্কারে দক্ষতা দেওয়ারও প্রস্তাব দেন তিনি।

রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশ বর্তমানে তার উন্নয়ন অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। দেশটিকে একদিকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, অন্যদিকে রাজনৈতিক রূপান্তর, জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনরুজ্জীবন, অর্থনৈতিক চাপ, জলবায়ুগত ঝুঁকি এবং জটিল বৈদেশিক পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এই বাহ্যিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি, স্বাধীন তদারকি ব্যবস্থা এবং অনুমানযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের নতুন মাত্রা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, দেশটিকে এখন আর কেবল দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দেখা হয় না, বরং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণে ইইউ কাজ করতে আগ্রহী। এমনকি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়নের জন্য কোনো স্বল্পোন্নত দেশের সঙ্গে প্রথম এমন উদ্যোগ হতে পারে। তবে তিনি এ ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক চুক্তির অভিন্ন ভিত্তি নিশ্চিত করার ওপর জোর দেন। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

বিনিয়োগ ও উন্নয়নের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং তরুণদের কর্মসংস্থান তৈরিতে সুশাসন, আইনের শাসন, শ্রম অধিকার, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষার কোনো বিকল্প নেই। তিনি গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ সুরক্ষা এবং তথ্য ও উপাত্তের স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও সতর্ক করেন। ইউরোপীয় বিনিয়োগের ক্ষেত্রে প্রযুক্তি, আন্তর্জাতিক মান, দীর্ঘমেয়াদি পুঁজি ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের আধুনিকায়নে ইইউ পাশে থাকতে চায় বলে জানান তিনি। চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং গ্রিন বন্ডের উদাহরণ টেনে তিনি বলেন, একটি উন্মুক্ত, সার্বভৌম, স্থিতিস্থাপক ও সংযুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা অব্যাহত রাখবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin