Facebook Twitter Instagram YouTube

লোহিত সাগর বন্ধের হুশিয়ারি দিল ইরান


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ /
লোহিত সাগর বন্ধের হুশিয়ারি দিল ইরান

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়, তবে হরমুজ প্রণালীর মতো লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য অবরোধের বিষয়টি নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই বার্তা হুতিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই বার্তা কীভাবে হুতিদের কাছে পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। হুতিরা যে তেহরানের এই অনুরোধ সম্পর্কে অবগত হয়েছে, তা সূত্রগুলো নিশ্চিত করেছে। রয়টার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুতি মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

হুতিদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের নিকটবর্তী পার্বত্য অঞ্চলে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। এখন তারা কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।

ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, বাব এল-মান্দেব বন্ধ হলে সেই সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। হুতিদের ঘনিষ্ঠ ওই সূত্রটি আরও জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি সম্পর্কে অবগত উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin