
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃহস্পতিবার রাতের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন এবং আগামী ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
মিজবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে বাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল। বর্তমান সরকার তাকে দেশে ফিরিয়ে পুনরায় নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করল।
রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।
আপনার মতামত লিখুন :