
দেশে ডেঙ্গু এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশু প্রাণ হারায়। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪১২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ময়মনসিংহের এবং অপরজন খুলনার বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট ১ হাজার ৩৬৩ জন মারা গেলেন। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে নিশ্চিত হামের রোগী ৭৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩৩৮ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ জনে এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন। চলতি বছরে সর্বমোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন, যাদের মধ্যে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৯৭২ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্য অনুযায়ী, চলতি বছরে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৫২৬ জনের মৃত্যু হলো। একই সময়ে সারাদেশে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ১ হাজার ১৪৫ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল সংস্থাটি।
আপনার মতামত লিখুন :