Facebook Twitter Instagram YouTube

অনুপস্থিতি ও অসদাচরণের দায়ে ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ /
অনুপস্থিতি ও অসদাচরণের দায়ে ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এই সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন— ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, র‍্যাব-১৪-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকমের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিশু বিশ্বাস আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেননি। জুয়েল চাকমা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আফজালুন নেছা মৌলিক প্রশিক্ষণে যোগ না দিয়ে দীর্ঘ সময় পলাতক ছিলেন এবং মাহমুদুল হাসান ওমরাহ পালনের ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী চার কর্মকর্তার বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত পর্যালোচনা করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের চাকরি থেকে বরখাস্তের এই গুরুদণ্ড দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।