Facebook Twitter Instagram YouTube

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ / ০
নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ একটি নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে গেছেন। গত ২৬ সেপ্টেম্বর, শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রোববার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় তিনি লক্ষ্য করেন যে, সেখানে তার নাম খোদাই করা হয়েছে। নিজের নাম দেখে তিনি তাৎক্ষণিকভাবে ভবনটি উদ্বোধন করতে অস্বীকৃতি জানান এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ সময় আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনা, যা জনগণের করের টাকায় নির্মিত হয়, সেখানে ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার করা বন্ধ হওয়া উচিত।

ঘটনার পরিপ্রেক্ষিতে রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুতই নামফলকটি পরিবর্তন করে নতুন করে স্থাপন করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh