Facebook Twitter Instagram YouTube

গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ /
গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

গ্যাসের দাম কমানোর দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জানান, গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার রাজউক কলেজের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, কেবল গ্যাসের দাম কমালেই হবে না, বিদ্যুৎ বিলে থাকা অতিরিক্ত বা হিডেন চার্জও বাতিল করতে হবে। তিনি দাবি করেন, এসব পদক্ষেপ নিলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে এবং জনভোগান্তি লাঘব হবে।

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ কেবল ঘোষণায় সীমাবদ্ধ না রেখে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন যে, সরকার জুলাইয়ের চেতনার কথা মুখে বললেও তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, দাবি মানা না হলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হতে পারে।

আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে উত্তরার রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din