Facebook Twitter Instagram YouTube

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে এবং অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা বীর শহিদদের আত্মত্যাগের ফসল। ছাত্র-জনতার এই ত্যাগের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। তাই শহিদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

এর আগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী। তার পরপরই বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ বরিশাল সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শহিদদের স্বপ্নের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ দিনভর জেলাজুড়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy