Facebook Twitter Instagram YouTube

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ / ০
ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নিরাপত্তা ভালভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার এই পরীক্ষাটি শেষ হয়, যা বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিদ্যুৎকেন্দ্র সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা ভালভের কার্যকারিতা যাচাইয়ের জন্য গত বুধবার ১৬ মেগাপ্যাসকেল চাপে পরীক্ষা চালানো হয়। এর আগে মঙ্গলবার রাতে এই পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছিল। চুল্লির ভেতরের মূল ব্যবস্থায় চাপ নির্দিষ্ট সীমার মধ্যে রাখা এবং অতিরিক্ত চাপ তৈরি হলে তা কমিয়ে নিরাপদ অবস্থায় রাখার ক্ষেত্রে এই ভালভগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষা শুরুর আগে অগ্নিনিরাপত্তা ও তেজস্ক্রিয়তা-সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থাও যাচাই করা হয়। খুব শিগগির ১৮ মেগাপ্যাসকেল চাপে আরেকটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম জানান, ১৬ মেগাপ্যাসকেল হলো চুল্লিপাত্রের স্বাভাবিক চাপের মাত্রা। এই পরীক্ষা সফল হওয়ার অর্থ হলো বিদ্যুৎকেন্দ্রটি চালানো সম্ভব। তবে ১৮ মেগাপ্যাসকেলে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা যাচাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা অবাস্তব নয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ইউনিটের সব পারমাণবিক জ্বালানি ২০২৩ সালেই রূপপুরে পৌঁছেছে এবং গত মে মাসে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো হয়েছে। এছাড়া গত শুক্রবার রাতে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি জ্বালানির চালান বিশেষ নিরাপত্তায় রূপপুরে পৌঁছায়। দ্বিতীয় ইউনিটের জ্বালানিও প্রস্তুত রয়েছে এবং আগামী বৃহস্পতিবার তার প্রথম চালান দেশে পৌঁছাতে পারে। সব মিলিয়ে এই দফায় মোট ৯টি চালান আসার কথা রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত পর্যায়ের আরও কয়েকটি পরীক্ষা বাকি আছে। এরপর শুরু হবে তাপশক্তি উৎপাদন, যা দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানো হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। বর্তমানে প্রকল্পের খরচ ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে, তবে ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদের দুই দফায় বাড়ানো হলেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, একটি ত্রুটির কারণে দুই মাস পিছিয়ে গেলেও এখন সব কাজ ঠিকঠাক এগোচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি পাবে। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠে বাংলাদেশের। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর টানা ৭-৮ মাস তা চলতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo