Facebook Twitter Instagram YouTube

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগে আগ্রহ


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগে আগ্রহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে এক ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সৌদি সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সৌদি আরবের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি, কৌশলগত ও বহুমাত্রিক অংশীদারিত্ব গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এখন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান তিনি, কারণ বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দেশ বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। এছাড়া তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালে তিনি ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh