
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেউ আগাম প্রচার করলে বা সম্প্রচার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন, তখন কেউ যদি আগাম জানায় বা প্রচার করে যে তিনি বক্তব্য দেবেন, তবে তা আদালতের রায় লঙ্ঘনের শামিল হবে। তিনি আরও জানান, এর আগেও এ বিষয়ে পত্রিকাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সতর্কতা জারি করা হয়েছিল। যারা আদালতের নির্দেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করেন যে, সরকার আদালত নয়, তবে আদালতের সিদ্ধান্ত কার্যকর করা সরকারের দায়িত্ব। কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, তবে তারা আদালতে গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদালতের রায় যতক্ষণ বহাল থাকবে, ততক্ষণ তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তব্য।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতেই চায়। এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :