
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে আরও সময়ের প্রয়োজন। তবে তিনি বর্তমান পরিস্থিতির সামগ্রিক চিত্রে সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি কোনো ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন না। তার বক্তব্য সম্পূর্ণভাবে তথ্য ও প্রমাণভিত্তিক এবং পুলিশের রেকর্ড অনুযায়ী। তিনি বলেন, অন্য একজন উপদেষ্টা কী বলেছেন, সেই তথ্য আমার সামনে নাই। আমি কথা বলবো ডাটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সেই ডাটা আপনারা যাচাই করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, কোনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্রে যদি কোনো বিভ্রান্তি বা ভুল থাকে, তবে তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তিনি জানান, সরকার প্রতিটি জেলা থেকে নিয়মিতভাবে মাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সবশেষে সারাদেশের তথ্য একত্রিত করে একটি চিত্র তৈরি করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়ে বলেন, সেখান থেকে জেলা পর্যায়ে তথ্য কীভাবে আসে এবং সেখানে কোনো ভুল তথ্য বা মিসইনফরমেশন আছে কিনা, তা আপনারা ধরতে পারেন।
আপনার মতামত লিখুন :