Facebook Twitter Instagram YouTube

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো ধোঁয়াশা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ /
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো ধোঁয়াশা

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সম্মেলন শুরুর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও তিনি নিজে সেখানে যোগ দেবেন কি না, কিংবা বাংলাদেশ থেকে অন্য কোনো প্রতিনিধি পাঠানো হবে কি না—এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের সম্প্রসারিত পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে দ্বিপক্ষীয় সফরের জন্যও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার পরিবেশ ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে জটিল হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার অভিযোগ করেছে যে, শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বাংলাদেশের বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। গত ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্য দেওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর পরপরই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি এবং তার রাজনৈতিক তৎপরতা বন্ধের অনুরোধ জানানো হয়। এ পরিস্থিতির কারণেই তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

ব্রিফিংয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার নিয়েও প্রশ্ন করা হয়। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফেরার সম্ভাবনা, নিজের নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন। এসব সাক্ষাৎকারের সময় এবং বিষয়বস্তু নিয়ে ভারত সরকারের কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে রণধীর জয়সোয়াল মন্তব্য করতে অস্বীকৃতি জানান। শেখ হাসিনার দাবি অনুযায়ী, দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো সমঝোতা বা নেপথ্য আলোচনা হয়নি—এ বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি। সব মিলিয়ে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor