
একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো সেখানকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। নিজেদের মধ্যে বিভেদ, মারামারি কিংবা হানাহানি থাকলে কোনো উন্নয়ন কার্যক্রমই সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এলাকার পরিবেশ সুন্দর থাকলে উন্নয়নের পথ সুগম হয়। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হলে আখেরে এলাকারই ক্ষতি হয়। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ এত মানুষ শান্তিপূর্ণভাবে উপস্থিত আছেন বলেই এই সুন্দর পরিবেশে সভা আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা যদি নিজেদের পরিবেশ সুন্দর রাখেন, তবে উন্নয়ন করা অনেক সহজ হয়ে যাবে।
তরুণ প্রজন্মের সঠিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে ডা. জাহিদ হোসেন বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা পরিবার অর্থনৈতিক সংকটে পড়লে তাদের খোঁজখবর নেওয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের দায়িত্ব। তিনি উপস্থিত বিএনপি নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সঠিক তথ্য ও পরামর্শ পেলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :